ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন মডেল মেঘনা আলম

0
113

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল ও সমাজকর্মী মেঘনা আলম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতার বিষয়টি জানান।

মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামছেন। তার ভাষায়, বাংলাদেশের রাজনীতিতে অনেকে ‘দেশকে সিঙ্গাপুর বানানোর’ প্রতিশ্রুতি দিলেও, একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দরকার এমন নেতৃত্ব, যার চিন্তাধারা, শিক্ষা, সামাজিক মেলামেশা ও বৈশ্বিক প্রভাব রয়েছে।

নিজেকে ‘বাস্তব উদাহরণ’ আখ্যা দিয়ে মেঘনা লিখেছেন, “আমি সেই বাস্তব উদাহরণ (the real deal), যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত পরিবর্তনের প্রতিনিধিত্ব করি।”

তিনি জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সিসিটিভি ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা তার অগ্রাধিকার তালিকায় রয়েছে, যেন রাস্তায় চলাচলরত কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এ ছাড়া এলাকাবাসীর জন্য আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চান তিনি, যাতে হাঁটা ও সাইকেল চালানো হয় আরও নিরাপদ ও সুবিধাজনক। একই সঙ্গে স্বল্প ব্যয়ের পাবলিক ওয়াশরুম, গোসলের ব্যবস্থা, ব্রেস্টফিডিং ও শিশুর ডায়াপার পরিবর্তনের নির্দিষ্ট স্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন মেঘনা আলম।

তার পরিকল্পনার মধ্যে রয়েছে কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী—সবাই সহজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারেন।

সবশেষে মেঘনা আলম বলেন, তার লক্ষ্য হলো ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া।