বড়দিনের আগেই সেনাসদস্যদের বোনাস দেওয়ার ঘোষণা ট্রাম্পের

0
54

বড়দিনের আগেই মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিএনএনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

ট্রাম্প জানান, বড়দিন উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর ১৪ লাখের বেশি সেনাসদস্য বিশেষ নগদ বোনাস পাবেন। আসন্ন ছুটির মৌসুমে দায়িত্ব পালনরত সদস্যদের একজনের জন্য ১ হাজার ৭৭৬ ডলার করে ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ দেওয়া হবে। তার দাবি, এই চেকগুলো ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই প্রাপকদের হাতে পৌঁছে যাবে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ক্ষমতায় থাকার ১১ মাসে তার প্রশাসনের নানা অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার আরোপিত শুল্ক ও ‘ট্যারিফ’ নীতির কারণেই যুক্তরাষ্ট্র এখন “হটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড”-এ পরিণত হয়েছে। তার ভাষ্য, ক্ষমতায় আসার এক বছর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, তবে মাত্র ১১ মাসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, শুল্ক নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় ১৮ ট্রিলিয়ন ডলার আয় করেছে, বিদেশি বিনিয়োগ বেড়েছে এবং চাকরির বাজার শক্তিশালী হয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, বড়দিন উপলক্ষে শুধু সেনাসদস্য নয়, লাখো আমেরিকানও নগদ অর্থ সহায়তা বা প্রণোদনা হিসেবে অর্থ পাবে। ভাষণে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি “বাইডেনের ভুল কাজগুলো সংশোধন করবেন।”