শরিফ ওসমান হাদির মৃত্যুর জেরে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

0
59

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার প্রতিক্রিয়ায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চশমা হিল এলাকায় ‘মেয়র গলি’ নামে পরিচিত সাবেক এই মন্ত্রীর পৈত্রিক নিবাসে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা চশমা হিলে নওফেলের বাসার সামনে জড়ো হয়। এক পর্যায়ে তারা প্রধান ফটক ভেঙে বাসভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা বাসভবনের আঙিনায় এবং ভেতরের কিছু অংশে অগ্নিসংযোগ করে। এসময় পার্কিংয়ে থাকা একটি মোটরসাইকেলসহ কিছু আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর ঐ এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তারা হামলার বিষয়টি অবগত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই হামলার কারণ হিসেবে ঐ ঘটনার জেরে সৃষ্ট প্রতিক্রিয়ার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে।