খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

0
34

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে বর্তমানে বেশ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়া প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‘আলহামদুলিল্লাহ, এই এক মাসের মধ্যে এখন তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজ তার একটি ছোট অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে,’ বলেন ডা. জাহিদ।

তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ‘অর্থাৎ তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব ধরনের সুবিধা রয়েছে। আপনারা একে আইসিইউতেই চিকিৎসা নেওয়া বলা যেতে পারে,’ বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম আজকের অপারেশনটি সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, তার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।’

এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।