মব সন্ত্রাসের সাম্প্রতিক ঘটনাবলি পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে মহাসচিবের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এক ফটোকার্ডে এ মন্তব্য জানানো হয়।
এর কয়েক ঘণ্টা আগে দেওয়া আরেকটি বার্তায়ও মব সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। তারা সংকটের অপেক্ষায় থাকে। আমি এই মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
এর আগে, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়; দুটি গণমাধ্যমের অফিসসহ নানা স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। পরে তা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারের সময় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুলি তার মাথা ভেদ করে গেলে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
এ ঘটনায় শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে এবং মোটরসাইকেলের চালক হিসেবে তার সহযোগী আলমগীর শেখকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তারা দু’জন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।