ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার এবং ঘাতকদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে লক্ষ্মীপুর জেলা শহরে জুমার নামাজ শেষে মুসল্লিদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর লক্ষ্মীপুর চকবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। পরে আশপাশের অন্যান্য মসজিদের মুসল্লিরাও এতে যোগ দেন। মিছিলটি উত্তর তেহমুনী এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা মিছিলে একটি প্রতীকী কফিন বহন করেন এবং শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন ইব্রাহিম, বৈষম্যবিরোধী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক আরমান হোসেন, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ ইউনুছ এবং আপ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি হামিদুর রহমান। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারীদের শাস্তি এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ নিয়ে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।