ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা রক্ষায় ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
সকাল সাড়ে ৯টা থেকেই সংসদ ভবন এলাকায় ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আনসার সদস্যদের জড়ো করা হয়। জানাজার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই নিরাপত্তা বলয়ে তিন শ্রেণির আনসার বাহিনী মোতায়েন থাকছে; যার মধ্যে ২৭০ জন ব্যাটালিয়ন আনসার, ৪০০ জন অঙ্গীভূত আনসার এবং ২০০ জন টিডিপি স্বেচ্ছাসেবক সদস্য রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাঠে উপস্থিত থাকবেন।
সদস্যদের প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী সংবাদমাধ্যমকে জানান, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠসহ সংশ্লিষ্ট এলাকা সুরক্ষিত রাখাই তাদের প্রধান লক্ষ্য। কোনো বহিরাগত যাতে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে না পারে এবং জানাজাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।