কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় দুই যুবদল নেতাকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার মিরজিরি এলাকার ‘মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ৯ ডিসেম্বরের ঘটনার পর থেকে আসামিরা ওই রিসোর্টে পর্যটক সেজে আত্মগোপনে ছিলেন।
গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন যুবদল নেতা সাইফুল ও ফারুক। তারা উত্তরণ আবাসিক এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা কয়েকটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতেই গ্রেপ্তারকৃতদের কক্সবাজার থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে পাঠানো হবে।’