দেশের বিভিন্ন স্থানে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা

0
47

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে সারাদেশ শোকস্তব্ধ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয়েছে। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে:

নওগাঁ: শনিবার বেলা আড়াইটার দিকে শহরের নওজোয়ান মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। জানাজায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর ইউএনও ইবনুল আবেদীনসহ বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও হেফাজত ইসলামের শীর্ষ নেতারা অংশ নেন। বক্তারা দাবি করেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্র মিলে হাদিকে হত্যা করেছে, তবে এই আত্মত্যাগে এখন প্রতিটি ঘরে ঘরে হাদি তৈরি হবে। পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, হাদি হত্যার রহস্য উদঘাটন ও বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

বগুড়া: বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতের শহর আমির আবিদুর রহমান সোহেল এবং ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা শহীদ ওসমান হাদিকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর হিসেবে আখ্যায়িত করে বলেন, তার এই আত্মত্যাগ আগামীর তরুণ প্রজন্মকে ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে।

মাদারীপুর: রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দেন যে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ম্লান করতে ফ্যাসিবাদী চক্র আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং হত্যার জবাব রাজপথেই দেওয়া হবে।

কুষ্টিয়া: কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু এবং জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বলেন, হাদি ছিলেন বাংলাদেশের একজন প্রকৃত সন্তান, যার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চাকসু-এর উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের। জানাজা-পূর্ব সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক ওসমান হাদির আদর্শের কথা তুলে ধরেন। চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, মাত্র ৩২ বছর বয়সে হাদি পুরো ভারতীয় আধিপত্যবাদকে কাঁপিয়ে দিয়েছেন এবং তার দেশপ্রেম ইতিহাসে অম্লান থাকবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে এসে পৌঁছায়।