বিজিবিকে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ আখ্যা দিয়ে দেশরক্ষায় অতন্দ্র থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

0
57

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিজিবি দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বাণীতে ড. ইউনূস বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক ও নারী-শিশু পাচার রোধে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জনগণের জানমালের নিরাপত্তা বিধানে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি বর্তমান সময়ে অত্যন্ত পেশাদারিত্ব বজায় রাখছে। সীমান্ত উত্তেজনা প্রশমন ও অবৈধ পুশইন রোধসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বাহিনীটির সদস্যরা দক্ষতার পরিচয় দিচ্ছেন।

বিজিবির সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদান অবিস্মরণীয়। দুজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্ত যোদ্ধা এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে মহিমান্বিত করেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও দেশমাতৃকার সেবায় যেসব সদস্য প্রাণ উৎসর্গ করেছেন, প্রধান উপদেষ্টা তাদের আত্মার শান্তি কামনা করেন।

পরিশেষে, বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করে বাণীর সমাপ্তি টানেন প্রধান উপদেষ্টা।