ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে আহত সাগরের মৃত্যু, গ্রেপ্তার ৮

0
54

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই বাবু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন সাগর। এ সময় ওই এলাকার ইমন ও জসীমসহ একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায় এবং গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা সাগরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, গুলিবিদ্ধ সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এর পেছনে আর কারা জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাগরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।