শহীদ ওসমান হাদিকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: এনাম মেডিকেলের চিকিৎসককে অব্যাহতি

0
55

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ প্রদান করা হয়। আদেশটি ১৯ ডিসেম্বর থেকেই কার্যকর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপ অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ডা. তাজিন আফরোজ শাহকে অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।

বিতর্কের সূত্রপাত ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিপুন হাজরা নামে এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। ওই ব্যক্তি ওসমান হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন। সেখানে মন্তব্য করতে গিয়ে ডা. তাজিন আফরোজ শাহ অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন।

তিনি মন্তব্য করেন, “নো নীড টু বি আন নেসেসারিলি ডিপ্লোমেটিক, সে একটা ছ্যাঁচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।”

পরবর্তীতে নিপুন হাজরা প্রতিউত্তরে বলেন, “আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না।” এর জবাবে ওই চিকিৎসক পুনরায় লিখেন, “নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেছে বেশি কষ্ট পায়নি, ধুঁকে ধুঁকে মরেনি ৩২ নাম্বার ভাঙার কারিগর, এটাই দুঃখ।”

প্রতিক্রিয়া একজন চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা একজন পেশাদার চিকিৎসকের কাছ থেকে এমন অমানবিক মন্তব্যের তীব্র নিন্দা জানান। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।