সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ে ফিরল রিয়াল

0
79

টানা দুই হারের হতাশা কাটিয়ে বছরের শেষ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে প্রথম গোলটি করেন জুড বেলিংহ্যাম, আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ৫৬ শতাংশ পজেশন নিয়ে রিয়াল ১৮টি শট নেয়, যার ৮টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, সেভিয়া ১৪টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেললেও সুযোগ হাতছাড়া হয়। পঞ্চম মিনিটে ফ্রান গার্সিয়ার শট ঠেকিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। এরপর সেভিয়াও সুযোগ পেলেও কোর্তোয়ার উপস্থিতিতে তা নষ্ট হয়। অবশেষে ৩৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগো গোয়েসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন জুড বেলিংহ্যাম।

বিরতির পর খেলা আরও জমে ওঠে এবং দুই দলের গোলরক্ষকই একের পর এক সেভ করতে থাকেন। তবে ৬৮ মিনিটে সেভিয়ার ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা বেলিংহ্যামকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়।

১০ জনের সেভিয়ার ওপর চাপ বাড়িয়ে নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।

এই গোলের মাধ্যমে ফরাসি এই তারকা এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ৫৯ গোল করার কীর্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান। গোল করার পর তিনি রোনালদোর বিখ্যাত ‘সি…উ’ উদযাপনে মেতে ওঠেন। চলতি লা লিগায় এটি এমবাপের ১৮তম ম্যাচে ১৮তম গোল।

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩।