অ্যাডিলেডে ইংল্যান্ডের বড় হার: দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

0
37

অ্যাডিলেড ওভালে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে দাপটের সাথে অ্যাশেজ ট্রফি ধরে রাখল অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৪৩৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে লড়াকু মানসিকতা দেখালেও ৩৫২ রানেই থমকে যায় ইংলিশদের ইনিংস। এর ফলে পার্থ ও ব্রিসবেনের পর টানা তিন হারে সিরিজ খোয়ালো বেন স্টোকসের দল।

পঞ্চম দিনে ৬ উইকেটে ২০৭ রান নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের ভরসা হয়ে ছিলেন উইল জ্যাকস ও জেমি স্মিথ। ব্যক্তিগত ৬০ রানে স্মিথ মিচেল স্টার্কের শিকারে পরিণত হলে ভেঙে যায় তাদের প্রতিরোধ। অন্যদিকে, গোড়ালির চোট নিয়ে ৪৭ রান করা উইল জ্যাকসকে স্লিপে মার্নাস লাবুশানের দুর্দান্ত এক ক্যাচে ফেরান স্টার্ক। ইংল্যান্ডের লেজ ছাঁটাই করতে বড় ভূমিকা রাখেন স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক। শেষ ব্যাটার জশ টাংকে আউট করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন বোল্যান্ড।

অস্ট্রেলিয়ার এই জয় যেন ইংল্যান্ডের জন্য পুরনো ক্ষতে নতুন নুন। গত ১৮টি টেস্টের মধ্যে ১৬টিতেই পরাজয় বরণ করতে হয়েছে তাদের। ‘বাজবল’ কৌশলে জয়ের স্বপ্ন নিয়ে সফরে আসা ইংলিশরা শেষ পর্যন্ত রক্ষণাত্মক কৌশলে ফিরেও নিজেদের রক্ষা করতে পারেনি। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন ট্রাভিস হেড ও অ্যালেক্স কেয়ারি। তৃতীয় ইনিংসে হেডের অনবদ্য ১৭০ রান জয়ের ভিত গড়ে দেয়, যা অ্যাডিলেড ওভালে তার টানা চতুর্থ সেঞ্চুরি। তবে প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ৭২ রানের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন উইকেটকিপার অ্যালেক্স কেয়ারি।

আগামী টেস্টগুলোতে ফলাফল যা-ই হোক না কেন, ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা প্যাট কামিন্সের দল এরই মধ্যে ট্রফি উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিপরীতে, টানা চতুর্থ অস্ট্রেলিয়া সফরে সিরিজ হারের লজ্জা সঙ্গী করে মাঠ ছাড়তে হলো থ্রি-লায়ন্সদের।