কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষ থামাতে সংলাপের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

0
64

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ থামাতে সংলাপের আহ্বান জানিয়েছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবার আসিয়ান (ASEAN)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে রোববার (২১ ডিসেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই দুই নেতাকে ফোন করেন।

আনোয়ার ইব্রাহিম এক্স (আগের টুইটার)-এ পোস্ট করে বলেছেন, “আমি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের জন্য সংলাপ, প্রজ্ঞা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছি— যাতে উত্তেজনার অবসান ঘটে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।”

জানা যায়, গত অক্টোবরে কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিন্তু সম্প্রতি সীমান্তবর্তী একটি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সৈন্যরা গুরুতর আহত হওয়ার পর থাইল্যান্ড সেই চুক্তিটি স্থগিত করে দেয়। এর পর থেকেই নতুন করে সহিংসতা শুরু হয়েছে।