ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক সেতারা বেগম হল’ করার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন ডাকসুর নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।
এ সময় তারা **’ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’**সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি চলাকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “আমরা ইতিহাস থেকে দেখেছি হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না।”
তিনি আরও দাবি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণহত্যা সমর্থন দিয়েছেন, তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।