দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত, আহত ১০

0
45

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা।

পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল এলাকায় কী কারণে এই হামলা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। পুলিশের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি এএফপিকে নিশ্চিত করেন, হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত বেকারসডালের একটি বারের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, সর্বশেষ হামলাটি অবৈধভাবে মদ বিক্রির একটি স্থানে চালানো হয়েছে। উল্লেখ্য, প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার তুলনামূলকভাবে বেশি।

এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ মোট ১২ জন নিহত হয়েছিল।