‘মবোক্রেসি’ সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ: সালাহউদ্দিন আহমদ

0
49

দেশে বিরাজমান ‘মবোক্রেসি’ বা বিশৃঙ্খল জনতার শাসনকে সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

আজ রোববার রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। সভায় সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এসব ঘটনা পূর্বপরিকল্পিত হওয়া সত্ত্বেও কেন প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, “দেশে মবোক্রেসি তৈরি হওয়া সরকারের দুর্বলতারই প্রমাণ। এসব ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশের মানুষ বিশৃঙ্খল জনতার মবোক্রেসি দেখতে চায় না।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত আদর্শ বা মতভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও দেশপ্রেমিক অবস্থান নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং এই প্রক্রিয়ায় তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

বিএনপির এই নেতা আরও স্পষ্ট করেন যে, তার দল গণতন্ত্রকে শক্তিশালী করতে সবার সহযোগিতা চায়, তা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সুবিধার জন্য নয়। তিনি বলেন, বিএনপি অতীতের ভুলগুলো পেছনে ফেলে সামনে এগোতে চায়, তবে ফ্যাসিবাদের সেই অন্ধকার সময়কালকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।