কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৩৫ লাখ টাকার পণ্যসহ আটক ১

0
68

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গত ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় এক চোরাকারবারীকেও হাতে-নাতে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি এবং বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন। জালনোট ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থান নিয়েছে বাহিনীটি।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদক-চোরাচালান পুরোপুরি বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।