খুলনায় এনসিপি (ন্যাশনাল কংগ্রেস পার্টি) নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতরা যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সেজন্য চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৩ কিলোমিটার সীমান্তজুড়ে তল্লাশি ও বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, এনসিপি নেতা মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত এলাকা কার্যত সিলগালা করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাধীন দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঁঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপি এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সীমান্তজুড়ে কঠোর নজরদারির ফলে অনুপ্রবেশ ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।