সিরিয়ার দক্ষিণে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান

0
32

ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে অবস্থিত কুনেইত্রার আইন জিওয়ান ও আল আজরাফ গ্রামে সামরিক অভিযান চালিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এই সামরিক অভিযানটি সিরিয়ার দক্ষিণাঞ্চলের আইন জিওয়ান ও আল-আজরাফ গ্রামে সংঘটিত হয়। সেখানে তারা দুটি সামরিক তল্লাশি চৌকি স্থাপন করেছে।

তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, গত এক বছরে সিরিয়াজুড়ে ৬০০টির বেশি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, যার অর্থ দিনে গড়ে অন্তত দুটি করে হামলা চালানো হয়েছে।

সিরিয়ার বার্তাসংস্থা সানা জানিয়েছে, দক্ষিণ কুনেইত্রা গ্রামাঞ্চলের আল-আশা, বির আজাম, বারিকা, উম্মে আল-আজম ও রুওয়াইহিনা শহরের দিকে ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার একদিন পর সর্বশেষ অভিযানটি চালানো হলো।

জানা গেছে, ইসরায়েলি বাহিনী গত কয়েক মাস ধরেই দক্ষিণ সিরিয়ায়, বিশেষ করে কুনেইত্রা প্রদেশে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ করছে, গ্রেপ্তার করছে, চেকপয়েন্ট তৈরি করছে এবং বুলডোজার দিয়ে জমি দখল করছে। এর ফলে জনসাধারণের মধ্যে ক্রমশ ক্ষোভ ও অস্থিরতা বাড়ছে।

আল জাজিরার তথ্য অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি হস্তক্ষেপ অনেক বেড়েছে।