যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট শহর ও বন্দর গ্যালভেস্টনের দিকে যাওয়ার সময় মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দগ্ধ রোগীদের নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাসপাতালে যাওয়ার পথে মেক্সিকোর নৌবাহিনীর এ বিমান গ্যালভেস্টন উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়।
মেক্সিকোর নৌবাহিনী নিশ্চিত করেছে যে, টুইন-টার্বোপ্রপ বিমানটিতে মোট আটজন ছিলেন, যার মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক ব্যক্তি। বেসামরিক যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল।
কিং এয়ার এএনএক্স-১২০৯ বিমানটি মেক্সিকোর ইউকাটান রাজ্যের মেরিদা থেকে গ্যালভেস্টন স্কোলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানবন্দর থেকে অগ্নিদগ্ধ রোগীদের গ্যালভেস্টনের শ্রাইনার্স চিলড্রেন্স হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল।
এই ফ্লাইটটি মিচৌ এবং মাউ ফাউন্ডেশনের সঙ্গে সমন্বিত একটি মেডিকেল মিশনের অংশ ছিল, যা প্রাণঘাতী অগ্নিদগ্ধ শিশুদের হাসপাতালে জরুরি পরিবহনের ব্যবস্থা করে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।