হাতিয়ায় চর দখল নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, ৫ জন নিহত

0
71

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অসংখ্য মানুষ আহত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় অপর লাশগুলো বুধবার জেলা সদরের মর্গে আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সামছুদ্দিন ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ও আহতদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিহতরা হলেন: সামছুদ্দিন ওরফে কোপা সামছু গ্রুপের সামছুদ্দিন, তাঁর ছেলে মোবারক হোসেন এবং আলা উদ্দিন গ্রুপের আলা উদ্দিন-সহ মোট ৫ জন। এর মধ্যে আলা উদ্দিনের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জাগলার চরে বর্তমানে কয়েক শত ভূমিহীন পরিবার বসবাস করছে। চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তি মালিকানা। সামছুদ্দিন দীর্ঘদিন ধরে চরের জমি দখল করে প্রতি একর ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা করে ভূমিহীনদের কাছে বিক্রি করতেন।

তবে গত কিছুদিন ধরে বিক্রির টাকা তিনি মুশফিক ও ফরিদ কামন্ডারকে দিচ্ছিলেন না। এরই জের ধরে মুশফিক ও ফরিদের পক্ষ হয়ে মঙ্গলবার সকালে আলা উদ্দিন, শীর্ষ ডাকাত কাউয়া কামাল, নিজাম মেম্বার এর নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী চর দখলের জন্য যায়। একপর্যায়ে চরে থাকা সামছুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে আলা উদ্দিনসহ উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়, যার মধ্যে ৫ জন নিহত হন। বিকেলে আলা উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, এ পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এবং তাঁরা মৃতদেহগুলো উদ্ধার করেছেন।