জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

0
62

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান শুরু হয়।

অভিযানের অংশ হিসেবে সকাল ৯টার দিকে জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে অবস্থিত কুখ্যাত মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র বিভিন্ন মাদক স্পটে তল্লাশি চালানো হয়। অভিযানে এখন পর্যন্ত ১৬ কেজি গাঁজা, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পে মাদক কেনাবেচা এবং অপরাধীদের আস্তানা উচ্ছেদে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হচ্ছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা আরও জানান, ৪ নম্বর সেক্টরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি এখনো অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধ দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।