ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদিখানে ৪ গাড়ির সংঘর্ষ

0
49

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুচিয়ামোড়া এলাকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় সামনের একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে তিনটি যাত্রীবাহী বাস পরপর ধাক্কা দেয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে প্রায় ১৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়। তবে হাইওয়ে পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুয়াশার মধ্যে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতার কারণেই এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালকদের গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা এবং ফগ লাইট ব্যবহারসহ বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।