রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।” এই এলাকাটি মূলত মিডিয়াকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সিয়ামের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করতেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তাঁর পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাঁকে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”