হরিরামপুরে সাউন্ড বক্স নিয়ে বিরোধ, হামলার গল্প বানানোর অভিযোগ অভিযুক্তদের

0
57

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর চরপাড়া এলাকায় মুসলমানি অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্তরা।

অভিযুক্তদের দাবি, গত ১৯ ডিসেম্বর রাতে পার্শ্ববর্তী বাড়িতে মুসলমানির অনুষ্ঠান চলাকালে সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রতিবেশী মো. আওয়াল হোসেনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ সময় কোনো ধরনের কুপিয়ে জখম করার ঘটনা ঘটেনি। বরং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

অভিযুক্ত আকাশ, ফয়সাল, মামুন, লিটন ও রাফি জানান, তারা কেউই মাদক সেবনকারী নন এবং হামলার সঙ্গে জড়িতও নন। উল্টো তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একতরফা অভিযোগ তোলা হয়েছে। তারা দাবি করেন, ঘটনাটি ছিলো একটি সামান্য পারিবারিক ও প্রতিবেশী পর্যায়ের ভুল বোঝাবুঝি, যা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাউন্ড বক্স বাজানো নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলেও পরিকল্পিত হামলার বিষয়টি তারা প্রত্যক্ষ করেননি। বিষয়টি নিয়ে এলাকায় অতিরঞ্জিত আলোচনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। উভয় পক্ষই একপর্যায়ে সামাজিকভাবে সমাধানের কথা জানিয়েছে।

লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত পক্ষ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছে, তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং নির্দোষ ব্যক্তিরা হয়রানি থেকে রক্ষা পাবে।