দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটির স্থায়ী কমিটি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে।
কর্মসূচির বিস্তারিত:
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর): দেশে ফেরার পর বিমানবন্দরে অভ্যর্থনা গ্রহণ এবং এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ।
শুক্রবার (২৬ ডিসেম্বর): জুমার নামাজের পর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
শনিবার (২৭ ডিসেম্বর): সকালে নির্বাচন কমিশনে গিয়ে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরবর্তীতে পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।

