ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান এবং ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরেকটি অভিযানে ২২ পিস ইয়াবাসহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথবাহিনী অভিযান চালায়। সেই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান এবং দুটি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
একই রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে চালানো অপর এক অভিযানে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদকসহ আটক করা হয় বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজিব হোসেন (২৮) এবং বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে তানভীর উদ্দিনকে (২১)।
কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, মাদকসহ আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।