তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

0
64

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের এই ফিরে আসা চলমান গণতান্ত্রিক রূপান্তর বা ট্রানজিশন প্রক্রিয়াকে আরও মসৃণ করবে।

বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় যান প্রেস সচিব। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে কিছু রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। উনি (তারেক রহমান) দেশে আসায় সেই শূন্যতা পূরণ হবে। আমরা এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি এবং সামনে বড় নির্বাচন রয়েছে। উনার আগমনে এই প্রক্রিয়াটি আরও ইতিবাচক ও সহজ হবে বলে আমরা আশা করছি।”

তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে শফিকুল আলম জানান, দলীয়ভাবে তার নিরাপত্তা নিশ্চিত করা হলেও সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা চাওয়া হচ্ছে, তার সবটুকুই প্রদান করা হচ্ছে।

একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান, বিষয়টি গত রাত ১২টার দিকের ঘটনা। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তারেক রহমান সপরিবারে ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে নিরাপত্তার সুব্যবস্থা ও সার্বিক আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এরপর রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় যোগ দিয়ে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।