দুই নৌরুটে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

0
42

পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে এই দুই রুটে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক হয়। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথের সিগন্যাল ও চ্যানেল মার্কিং দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝনদীতে ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়ে, যার ফলে কনকনে শীতের মধ্যে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া দুই পাড়ের ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ার পর সিরিয়াল অনুযায়ী আটকে পড়া এসব যানবাহন এখন পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাত ২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কেটে দৃষ্টিসীমা পরিষ্কার হওয়ার পরপরই পুনরায় সার্ভিস চালু করা হয়েছে এবং বর্তমানে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।