নাইজেরিয়ার মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৫

0
20

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যার নামাজের সময় রাজধানী মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার ওই মসজিদে সংঘটিত এ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।

পুলিশের মুখপাত্র নাহুম দাসো এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে শুরুতে সরকারিভাবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

এদিকে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। অন্যদিকে বাবাকুরা কলো নামে এক স্থানীয় মিলিশিয়া নেতা নিহতের সংখ্যা সাত বলে দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ জানান, বিস্ফোরণের পর তিনি বহু আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পরের ভয়াবহ দৃশ্য দেখা গেছে। সেখানে গাম্বোরু মার্কেট এলাকায় ধুলা ও ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায় এবং আতঙ্কিত মানুষজন এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন।

এই হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বর্নো প্রদেশ দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠন বোকো হারাম ও তাদের সহযোগী আইএস পশ্চিম আফ্রিকা প্রদেশের (আইএসডব্লিউএপি) সহিংস তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগেও এ অঞ্চলে মসজিদ ও জনবহুল স্থানে আত্মঘাতী হামলা এবং আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

২০০৯ সালে বর্নো প্রদেশে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বোকো হারামের সশস্ত্র অভিযান শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময় থেকে চলমান সহিংসতায় অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। সহিংসতা শুধু নাইজেরিয়ায় সীমাবদ্ধ না থেকে প্রতিবেশী নাইজার, চাদ ও ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ সামরিক অভিযানের ফলে সাম্প্রতিক বছরগুলোতে মাইদুগুরি শহর তুলনামূলকভাবে শান্ত থাকলেও জঙ্গিগোষ্ঠীগুলো এখনও প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ২০২১ সালের পর থেকে এটিই শহরটিতে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : বিবিসি