গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় যৌথবাহিনীর অভিযানে তাহরিমা জান্নাত সুরভী নামে এক ওয়ারেন্টভুক্ত তরুণী আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও সমন্বয়ক দাবি করে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিতেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সুরভীকে তার নিজ বাসা, গোপালপুর টেকপাড়া এলাকার সেলিম মিয়ার বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন, যে মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলার অভিযোগে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অপরাধের কথা উল্লেখ রয়েছে।
এছাড়া, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুরভীর বিরুদ্ধে বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করারও অভিযোগ রয়েছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত তাহরিমা জান্নাত সুরভীকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।