নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপির ৩২ নেতাকর্মী আহত

0
49

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা এলাকায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়াখালীর মাইজদী কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা নেতাকর্মীরা ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।