বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখার পর বড় ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসার দিকে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে প্রবেশ করেন এবং প্রায় দেড় ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানে যাওয়ার জন্য গাড়িতে উঠেন তিনি।
এর আগে, বিকাল ৪. ১৮ মিনিটে সমাবেশ স্থল থেকে প্রায় ১৫ মিনিটের বক্তব্য শেষে এভারকেয়ারের দিকে যাত্রা করেন তিনি।
সরেজমিনে থাকা প্রতিবেদক জানিয়েছে, এখনো তিনি বুলেট প্রুফ গাড়িতে রাস্তায় আছেন।
সংবর্ধনা মঞ্চে তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।
তিনি বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।
বক্তব্যের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।’ তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।