ভালুকায় যুবককে পুড়িয়ে হত্যা: আরও ৬ জন গ্রেপ্তার

0
62

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও ৬ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার মধ্যরাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নতুন করে গ্রেপ্তার হওয়া এই ৬ জন ভুক্তভোগী দিপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেছিল এবং কারখানার ভেতর উসকানিমূলক স্লোগান দিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহের নূর আলম (৩৩), তারাকান্দার মো. শামীম মিয়া (২৮), নোয়াখালীর সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের মো. মাসুম খালাসী (২৩)। এর আগে এই মামলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা কারখানার ভেতরে কর্মচারীদের উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছিল। অভিযুক্ত যুবককে কেন পুলিশের হাতে না দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া হলো, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০-১৬০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।