ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধের জেরে অতর্কিত হামলায় ১ জন নিহত

0
46

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সাইফুল সর্দার ওরফে সাইফুল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ইসমাইল মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে রাতের আঁধারে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে রাতের বেলা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইফুল সর্দারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত সাইফুল সর্দারকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত ইসমাইল মোল্যাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”