ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাত্র ৫০০ টাকায় বাজি ধরে কনকনে শীতের সকালে খালে ১০০ ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বড়ইয়া বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লাবাড়ী এলাকার আনসার মোল্লার ছেলে।
স্বজনরা জানান, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাচারিবাড়ী বাজারে যান। শীতের সকালে পরিশ্রমের কারণে তার শরীর গরম হয়ে ওঠায় তিনি বাজারের উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে খালে নেমে ১০০টি ডুব দেওয়ার চ্যালেঞ্জ নেন।
খালের ঠান্ডা পানিতে নেমে তিনি একটানা ১১২টি ডুব দেন। এরপর খালের পাড়ে রাস্তায় উঠে আসা মাত্রই তিনি জ্ঞান হারান। স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে, আগুনের তাপ দিয়ে ও তেল গরম করে মালিশ করলেও তার অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।