চাঁদপুর মেঘনা নদীতে ঘন কুয়াশায় লঞ্চ সংঘর্ষ: নিহত বেড়ে ৪, আহত ৩০

0
34

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ এবং অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দেওয়া ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ঢাকা থেকে ফিরছিলেন। গতরাতে ঘন কুয়াশার মধ্যে জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯-এর সংঘর্ষ হয়। এতে দুই লঞ্চের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনায় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত যাত্রীরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) বায়জীদ বীন ইবনে আকবর জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করা হয়েছে এবং তাতে তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন লঞ্চ কর্মচারীও আটক রয়েছেন।