বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগের দিন, গতকাল (বৃহস্পতিবার) টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। মূলত চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টরের দায়িত্ব নেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের পর বিপিএলের টেকনিক্যাল কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।
গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড মনে করছে, অভিজ্ঞ সাবেক এই নির্বাচক টেকনিক্যাল কমিটিতে যুক্ত হওয়ায় কমিটির কাজ আরও শক্তিশালী হবে।
বিপিএলের দ্বাদশ আসরের টেকনিক্যাল কমিটির বর্তমান কাঠামোটি হলো:
আহ্বায়ক: এএসএম রকিবুল হাসান
পদাধিকারবলে সদস্য: ইফতেখার রহমান মিঠু
সদস্য: মিনহাজুল আবেদীন নান্নু
সদস্য: অভি আবদুল্লাহ আল নোমান
উল্লেখ্য, আজ (শুক্রবার) সিলেট পর্বের ম্যাচ দিয়ে বিপিএলের নতুন আসর শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ—বিকেল ৩টায় স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স-এর, এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।