কোটালীপাড়ায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ১৭ নেতাকর্মীর যোগদান

0
40

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন ১৭ জন নেতাকর্মী। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন— আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকণ্ঠ দেড়রী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখসহ ১৭ জন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, বিএনপি নেতা ওয়ালিউর রহমান হাওলাদার, মানিক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদারসহ দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির সাংগঠনিক শক্তিতে আস্থা রেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা এখন থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে একাত্ম হয়ে কেন্দ্রীয় নেতা এস এম জিলানীর হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করব।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে দলে এসেছেন, তাদের সানন্দে গ্রহণ করা হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন যে, আগামীতে উপজেলার আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদানের জন্য যোগাযোগ করছেন।