চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক সফল অভিযানে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ মো. আইনুল করিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব জোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আইনুল করিম ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে আইনুলের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে চন্দনাইশ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।