দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। দেশের ৬১১টি কেন্দ্রে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন ক্ষুদে শিক্ষার্থী এই মেধা যাচাইয়ের মঞ্চে ফিরছে। সর্বশেষ ২০০৯ সালে এই পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা নির্বিঘ্ন করতে কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন পরিদর্শক এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরীক্ষার মানবণ্টন ও সূচি: মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক নম্বর হলো— বাংলা (১০০), ইংরেজি (১০০), গণিত (১০০), বিজ্ঞান (৫০) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৫০)। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
সূচি অনুযায়ী:
২৮ ডিসেম্বর (রোববার): বাংলা
২৯ ডিসেম্বর (সোমবার): ইংরেজি
৩০ ডিসেম্বর (মঙ্গলবার): গণিত
৩১ ডিসেম্বর (বুধবার): বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (প্রতিটি দেড় ঘণ্টা করে)।

