ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, আহত ২৫

0
37

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন দর্শক ও শিল্পীরা। নগরবাউল জেমসের মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে বহিরাগতদের হামলা ও বিশৃঙ্খলার কারণে পণ্ড হয়ে গেছে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। এ ঘটনায় অন্তত ২০-২৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অনুষ্ঠানের উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা জানান, প্রথম দিনের অনুষ্ঠান সফলভাবে শেষ হলেও দ্বিতীয় দিন জেমসকে মঞ্চে ডাকার ঠিক আগমুহূর্তে মঞ্চে বড় একটি ইট এসে পড়ে। এর পরপরই শুরু হয় বিশৃঙ্খলা। স্কুলের দেয়াল টপকে প্রায় ১৫ হাজার বহিরাগত অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারায় আয়োজকরা। বাইরে থেকে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকে উত্তেজিত জনতা।

শ্রাবণ্য তৌহিদা এক ভিডিও বার্তায় বলেন, “আমার চোখের সামনেই বড় বড় ইট এসে পড়ছিল। ফরিদপুর জিলা স্কুলের তরুণেরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও আক্রমণকারীদের থামানো যাচ্ছিল না। অনেক শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। অবস্থা বেগতিক দেখে আয়োজকরা আমাকে এবং জেমস ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তাল পরিস্থিতির মধ্যে নিরাপত্তাকর্মীরা জেমসকে ঘিরে ধরে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করাচ্ছেন। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত আয়োজকরা অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দেন।

ঘটনার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে শ্রাবণ্য বলেন, “শিল্পী হিসেবে আমরা পারিশ্রমিক পেয়েছি ঠিকই, কিন্তু হাজারো মানুষের স্বপ্নভঙ্গ আর এই মানসিক আঘাত কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।” প্রথম দিন ওয়ারফেজ ব্যান্ড গান পরিবেশন করলেও দ্বিতীয় দিনের এই অনাকাঙ্ক্ষিত সমাপ্তিতে উৎসবের আমেজ বিষাদে পরিণত হয়েছে।