সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স।
ইনিংসের প্রথম বলেই ওপেনার শাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান ঢাকার স্পিনার ইমাদ ওয়াসিম। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৭), তানজিদ হাসান তামিম (২০) এবং মুশফিকুর রহিমের (২৪) ছোট ছোট ইনিংসের ওপর ভর করে লড়াইয়ের চেষ্টা চালায় রাজশাহী। শেষদিকে মোহাম্মদ নাওয়াজের অপরাজিত ২৬ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের সংগ্রহ পায় দলটি। ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম ৩টি এবং নাসির হোসেন ২টি উইকেট নেন।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুতেই ওপেনার সাইফ হাসানকে (১) হারায়। পাওয়ার প্লেতে উসমান খানও ১৮ রান করে বিদায় নিলে চাপে পড়ে ঢাকা। তবে চার নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুন ৩৯ বলে ৪৫ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
মাঝপথে অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২) ও নাসির হোসেন (১৯) আউট হলে ম্যাচ কিছুটা জমে উঠলেও শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটতে দেননি শামিম হোসেন ও সাব্বির রহমান। ষষ্ঠ উইকেটে তাদের ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি ৪ বল বাকি থাকতেই ঢাকার জয় নিশ্চিত করে। শামিম ১৭ এবং সাব্বির ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। রাজশাহীর মোহাম্মদ নাওয়াজ ৩ উইকেট নিলেও দলের হার এড়াতে পারেননি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ঢাকার ইমাদ ওয়াসিম।
রাজশাহী প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে ঢাকার কাছে এসে হোঁচট খেল। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট আদায় করে নিল।