গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন নিয়ে তুলকালাম: রেললাইনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

0
45

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গফরগাঁও। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে মনোনীত করায় ক্ষুব্ধ হয়ে রেললাইনে আগুন দিয়েছে এবং রেলস্টেশন ভাঙচুর করেছে অন্য মনোনয়নপ্রত্যাশী মুশফিকুর রহমান সিদ্দিকীর সমর্থকরা। শনিবার বিকেলের এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর গফরগাঁওয়ে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তার ভাতিজা মুশফিকুর রহমানের শতাধিক অনুসারী গফরগাঁও রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা এক পর্যায়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক বের করে দিয়ে কক্ষে তালা লাগিয়ে দেন। এরপর তারা রেললাইনের ওপর টায়ার ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেন। এর ফলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

মনোনয়নবঞ্চিত নেতা মুশফিকুর রহমান অভিযোগ করে বলেন, “যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যোগ্য নন। এ কারণে বিএনপির সব গ্রুপ এক হয়ে মাঠে নেমেছে।” আরেক নেতা সিদ্দিকুর রহমানও দলীয় সিদ্ধান্তের সমালোচনা করেন।

অন্যদিকে, মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চু শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। সবাইকে নিয়ে বৈষম্যহীন গফরগাঁও গড়ে তুলব।”

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরাই এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ট্রেন চলাচল পুনরায় শুরু করতে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী কাজ করছে। গফরগাঁও উপজেলা শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে।