জাতীয় ঐক্যে সুষ্ঠু নির্বাচনের লড়াই ইস্পাতকঠিন হবে: জামায়াত আমির

0
41

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবার ভোটাধিকার নিশ্চিত করতে তাদের লড়াই হবে ইস্পাতকঠিন। এই ঐক্য হবে জাতীয় ঐক্য। বর্তমান প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করাই তাদের লক্ষ্য।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, এতদিন আটটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করে আসছিল। এখন সেই জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির নেতারা ব্যস্ততার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ফোনে জোটে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই এনসিপি এ বিষয়ে আলাদা সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।

জামায়াত আমির বলেন, জাতি এখন এক গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অতিক্রম করছে। এই সন্ধিক্ষণে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া, শোষণ ও বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়েই এই জোটের আত্মপ্রকাশ। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, এটি কেবল নির্বাচনী জোট নয়, এটি দেশ গঠনের জোট এবং রাজনৈতিক জোট। জাতীয় ইস্যুতে প্রয়োজন অনুযায়ী সবাই একসঙ্গে আন্দোলন করবে, তবে দলীয় কর্মসূচি প্রত্যেক দল নিজ নিজভাবে পালন করবে।

আসন সমঝোতার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জোট গঠিত হলেও কোন দল কোন আসনে নির্বাচন করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। ৩০০ আসনেই আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে আসন নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে শেষ পর্যায়ে এসে আরও দুটি দল যুক্ত হওয়ায় কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে।

তিনি আরও জানান, আরও কয়েকটি দল জোটের সঙ্গে সমঝোতায় আগ্রহ প্রকাশ করলেও এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না। তবু ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন তিনি।