ডিসেম্বরে ২৭ দিনে রেমিট্যান্স ২৭৫ কোটি ডলার, বেড়েছে ১৪ শতাংশের বেশি

0
49

ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বর্তমান বাজারমূল্যে যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৪ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় ব্যাংক ৯২ কোটি ডলার কিনেছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬ মিলিয়ন বা প্রায় ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, রেমিট্যান্সে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৭৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৩৫৪ কোটি ডলার। অর্থাৎ আলোচ্য সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ।