অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগ: প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ

0
62

সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত সপ্তাহে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে সময় তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করতে হবে।

পদত্যাগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং খুব শিগগিরই তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণেই মো. আসাদুজ্জামান এই পদত্যাগ করেছেন।