আমাদের নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে: মির্জা ফখরুল

0
48

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দলকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশে ৯৫ শতাংশ মানুষ মুসলমান এবং বিএনপি অঙ্গীকারবদ্ধ—কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে অস্থিতিশীল করে তুলতে কিছু লোক নেপথ্যে কাজ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে, যাতে কেউ সফল হতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এটিই তার শেষ নির্বাচন—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে বলেন, দীর্ঘ ছয় বছর কারাভোগের পর তিনি মুক্ত হয়েছেন, বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মির্জা ফখরুল।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।